পদ্মা নদীতে ফেরিতে বাল্কহেডের ধাক্কা: নিহত এক শিশু
- আপডেট সময় : ০২:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 0
পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে শুক্রবার সকালে ফেরি ও বাল্কহেডের মধ্যে সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
সকাল ৯টার দিকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ‘কাকলি’ নামের একটি ফেরি। চাঁদপুরের ঘাট থেকে নরসিংহপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন দিক থেকে একটি দ্রুতগামী বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় আরও একটি শিশু গুরুতর আহত হয়েছে, যাকে দ্রুত স্পিডবোটে করে চিকিৎসার জন্য চাঁদপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, সংঘর্ষের তীব্রতায় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধাক্কার কারণে ফেরির ওপর দাঁড়িয়ে থাকা অনেক যাত্রী ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এ সময় ১১ বছর বয়সী এক শিশু নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে থাকা একটি বাসের বডির সাথে মাথায় আঘাত পায়। ঘটনাস্থলেই শিশুটি মৃত্যুবরণ করে। তবে নিহত শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই বাল্কহেডটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ফেরিটি চ্যানেলে ঢোকার মুহূর্তে পেছন থেকে আসা বাল্কহেডের ধাক্কায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে এবং ঘটনার পর থেকেই নৌ পুলিশ বাল্কহেডটি শনাক্ত করার পাশাপাশি এর সুকানিকে আটকের জন্য অভিযান পরিচালনা করছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
























