মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ
- আপডেট সময় : ০৮:০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 0
মোবাইল কোর্টের কার্যক্রমকে অধিকতর কার্যকর, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার লক্ষ্যে প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি এই সংক্রান্ত একটি পরিপত্র জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে জারি করা হয়েছে। গত ২ নভেম্বর প্রকাশিত এই নির্দেশনায় গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেওয়া সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য ছয়টি বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনানুযায়ী, মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও চিত্র ধারণ করা বাধ্যতামূলক। এসব ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জে.এম শাখা ও সংশ্লিষ্ট সংস্থায় সংরক্ষণ করতে হবে। এছাড়া মিডিয়া সেলের কাছেও ভিডিওর একটি কপি পাঠাতে হবে, যাতে ভবিষ্যতে কোনো আপিল মামলা হলে সেসব ভিডিও সাক্ষ্য-প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা সম্ভব হয়।
জব্দকৃত মালামাল সংরক্ষণের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তরকে মালামাল রাখার জন্য একটি নিরাপদ কক্ষ বা স্থান নির্ধারণ করতে বলা হয়েছে। এই মালামাল গ্রহণ, রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনে আদালতে হস্তান্তরের দায়িত্ব নির্দিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে দেওয়া হবে। একই সঙ্গে বিস্তারিত তথ্য সম্বলিত রেজিস্টার সংরক্ষণ করতে হবে, যা প্রতি মাসে অন্তত একবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরেজমিনে যাচাই করবেন।
আপিল মামলার কার্যক্রম পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি এবং সহকারী পাবলিক প্রসিকিউটরদের মধ্য থেকে নির্দিষ্ট আইনজীবীদের দায়িত্ব দেবেন।
দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা মামলার অগ্রগতি ও প্রয়োজনীয় নথিপত্রের বিষয়ে নিয়মিত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়কে অবহিত করবেন। আপিল শুনানির জন্য প্রয়োজনীয় ভিডিও ও নথিপত্র সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরবরাহ করবেন, যার সমন্বয় করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
কর্মীদের দক্ষতা বাড়াতে প্রতিটি জেলায় মোবাইল কোর্ট সহকারী বা পেশকার হিসেবে প্রয়োজনীয় সংখ্যক কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার পাশাপাশি আগামী এক মাসের মধ্যে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে এই তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে হবে। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সাথে পরামর্শ করে এই প্রশিক্ষণের আয়োজন করবে।
প্রতিটি জেলায় গঠিত চার সদস্যের মিডিয়া সেলের আহ্বায়ক হবেন জেলা প্রশাসক মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক অথবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এছাড়া সদস্য হিসেবে জেলা তথ্য কর্মকর্তা বা সহকারী জেলা তথ্য কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার থাকবেন। জে.এম শাখার সিনিয়র বা সহকারী কমিশনার সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মিডিয়া সেলের প্রধান দায়িত্ব হবে মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রমের স্থিরচিত্র ও ভিডিও সংগ্রহ করা। প্রয়োজনে এসব উপকরণ সম্পাদনা করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করতে হবে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৮ সালের ৩১ অক্টোবরের নির্দেশনা অনুযায়ীও এই সেলকে কাজ করতে হবে।
মিডিয়া সেলের কার্যক্রমে প্রয়োজনে জেলার অন্য কর্মকর্তাদের সহায়তা নেওয়া যাবে এবং কারিগরি সেবার ব্যয় সরকারি বিধিমালা অনুসরণ করে সংশ্লিষ্ট খাত থেকে নির্বাহ করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত এই পরিপত্রটি জারির দিন থেকেই কার্যকর করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। পচনশীল বা দ্রুত বিনষ্টযোগ্য মালামালের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় মিডিয়া সেল গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

























