জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয়
- আপডেট সময় : ০৮:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 0
জয়পুরহাটে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার বিকেলে তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে স্বাগতিক জয়পুরহাট জেলা দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে গাইবান্ধা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ফাইনাল ম্যাচ শেষে রানার্সআপ হওয়া স্বাগতিক জয়পুরহাট দলের খেলোয়াড়দের পাশাপাশি বিজয়ী দলের মাঝেও পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের আকর্ষণীয় পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি গরু এবং রানার্সআপ দলকে একটি খাসি উপহার দেওয়া হয়। স্টেডিয়ামে উপস্থিত বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। আয়োজনে আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইউসুফ আলী মন্ডল ও সাজ্জাদ সিরাজ জয়, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ এবং জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। টুর্নামেন্ট ঘিরে স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

























