ইউরোপ ও বৃটেনে হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
- আপডেট সময় : ০৫:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 2
আসন্ন বড়দিনের উৎসবকে সামনে রেখে বৃটেনসহ সমগ্র ইউরোপে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। লন্ডনে অবস্থিত মার্কিন মিশন থেকে জানানো হয়েছে, দেশটিতে বর্তমানে সন্ত্রাসী হামলার ঝুঁকির মাত্রা ‘সিভিয়ার’ বা গুরুতর পর্যায়ে রয়েছে। একই ধরনের সতর্কতা জার্মানি ও বার্লিনে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশন থেকেও প্রদান করা হয়েছে। এই সতর্কবার্তায় নাগরিকদের ‘নিম্ন প্রোফাইল’ বজায় রাখা এবং নিজেদের চলাফেরার বিষয়ে অধিকতর সাবধানতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, একক হামলাকারী বা ‘লোন অ্যাক্টর’রা যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই জনবহুল এলাকায় হামলা চালাতে পারে। বিশেষ করে পর্যটনকেন্দ্র, শপিং মল, উপাসনালয়, পরিবহন ব্যবস্থা ও বড় ধরনের জমায়েতপূর্ণ অনুষ্ঠানগুলো সন্ত্রাসীদের প্রধান লক্ষ্যবস্তু হতে পারে। মার্কিন নাগরিকদের বড় ধরনের বিক্ষোভ বা যেখানে পুলিশের উপস্থিতি বেশি, এমন এলাকাগুলো এড়িয়ে চলার পাশাপাশি ভ্রমণের পরিকল্পনা পরিচিত বন্ধু ও পরিবারের সদস্যদের অবহিত করতে বলা হয়েছে। এছাড়া জনপ্রিয় পর্যটন ও জনাকীর্ণ স্থানে চলাচলের সময় স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং জরুরি সেবাকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশের বিমান চলাচল ব্যবস্থায় বোমা হামলার ভুয়া হুমকি পাওয়ার ঘটনাগুলোকে সতর্কবার্তায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এ ধরনের হুমকিতে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটার প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে, যাতে পরিবহন সংক্রান্ত যেকোনো জটিলতা সম্পর্কে দ্রুত জানা সম্ভব হয়।
বর্তমানে বৃটেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার তাগিদ দেয়া হয়েছে। একই সাথে বড়দিনের উৎসব বা যেকোনো জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার আগে সার্বিক পরিবেশ সম্পর্কে সচেতন থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি বেশ কিছু নিরাপত্তা উদ্বেগের জের ধরে বৃটেনে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় কিছু মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়ার মতো ঘটনার পর নতুন করে এই নিরাপত্তা সতর্কতা জারি করা হলো।

























