মিরপুরে রাজধানী পরিবহনের বাসে অগ্নিসংযোগ, আটক ২
- আপডেট সময় : ০৮:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 0
রাজধানীর মিরপুর-১ নম্বরের টেকনিক্যালগামী সড়কের ফুটওভার ব্রিজ ও মসজিদ মার্কেটের সামনের বাসস্ট্যান্ডে সোমবার রাত ১০টার দিকে রাজধানী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটি যাত্রী নামানোর জন্য স্টপেজে থামলে দুর্বৃত্তরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় দ্রুত বাস থেকে চালক, সহকারী ও যাত্রীরা নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসটি পুরোপুরি পুড়ে গেছে।
ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাসটিতে থাকা দুর্বৃত্তরা আগুন দেওয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মিরপুর-১ এলাকায় দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক আলামিন জানান, যাত্রীবেশে বাসে ওঠা দুর্বৃত্তরা সম্ভবত গানপাউডারজাতীয় কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে এই নাশকতা চালিয়েছে। পুলিশ বর্তমানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে। আগুনের পেছনে সুনির্দিষ্ট কী উদ্দেশ্য ছিল এবং তাদের সঙ্গে অন্য কোনো গোষ্ঠী জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
























