সিরাজগঞ্জে মাদক মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট সময় : ০১:২০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 4
সিরাজগঞ্জে পৃথক তিনটি মাদক মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, মামলার রায় অনুযায়ী দুটি মামলায় ২০ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাসচুজ্জোহা শাহানশাহ এই তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় দণ্ডিত পাঁচজনের মধ্যে দুজন আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন
- দিনাজপুর জেলার নওদাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে গোলাম মাজুম রাসেল (২৬) ও দেবখন্ডা গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন (২৮)।
- সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদ (৩৬) ও পুরান শৈলাবাড়ি গ্রামের হাছের আলীর ছেলে নুর হোসেন (৩৮)।
- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পশ্চিমপাড়া এলাকার মৃত রফিকের ছেলে আব্দুল মালেক (৩০)।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৩ মার্চ যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় পুলিশ বিভিন্ন যানবাহনে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে তল্লাশি চালায়। এসময় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার থেকে ৯৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন এম্পলসহ গোলাম মাজুম রাসেল ও মনোয়ার হোসেনকে আটক করা হয়। এছাড়াও, ২০২০ সালের ২৮ মে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ খলিশাকুড়া ওয়াপদা বাঁধ এলাকায় অভিযান চালিয়ে মাসুদ ও নুর হোসেনকে আটক করে, যাদের দেহ তল্লাশি করে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অপর দিকে, ২০২০ সালের ২৮ মে রাতে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সদর উপজেলার খলিশাকুড়া ওয়াপদা বাঁধের উপর মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে।
অপর দিকে, ২০১৯ সালের ১৩ জুন উল্লাপাড়া পশ্চিম কবরস্থান এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় আব্দুল মালেক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৬ পোটলায় ৩০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এসব ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছিল। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

























