নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- আপডেট সময় : ০১:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 7
নিষিদ্ধ ঘোষিত, পরাজিত ও পলাতক আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষার্থীদের মাঝে নিম গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বাংলাদেশের মাটিতে তাঁবেদার রাষ্ট্র কায়েমের জন্য ষড়যন্ত্র করছে, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সেই অপচেষ্টা মোকাবিলা করবে। তিনি আরও বলেন, সরকার ধৈর্য দেখাচ্ছে এবং আইন মেনেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। তবে এই ধৈর্যকে দুর্বলতা ভাবার কোনো অবকাশ নেই। পরিস্থিতির উন্নতি না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে তিনি উল্লেখ করেন। বিদেশ থেকে টেলিফোন করে উসকানি না দিয়ে পলাতকদের দেশে এসে রাজনীতি করার আহ্বানও জানান প্রতিমন্ত্রী। আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করছে। যারা দূর থেকে নির্দেশ দিচ্ছেন, তাঁদের দেশে এসে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি নিজেদের ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মোকামতলা এলাকার উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান মোকামতলা সফরে আসবেন। সবকিছু ঠিক থাকলে ওইদিন তিনি নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচন করবেন। এছাড়া হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার কাজও প্রধানমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন করা হবে, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা।
মোকামতলায় মগ ও চারা বিতরণ সম্পর্কে মীর শাহে আলম জানান, স্থানীয় ১ লাখ ২২ হাজার বাড়ির মধ্যে প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ দেওয়া হচ্ছে। আগামী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিনে বাকি ৬০ হাজার বাড়িতে মগ ও প্রতিটি বাড়িতে নিম গাছের চারা পৌঁছে দেওয়া হবে। শিক্ষার্থীদের তিনি গাছের পরিচর্যা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম, মীর শাকরুল আলম সীমান্ত, রোকনউদ্দৌলা রুবেলসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় হাজারের বেশি শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার অন্যান্য প্রতিষ্ঠানের আরও ৬৪ হাজার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীকেও এসব উপহার দেওয়া হবে বলে জানানো হয়।

























