খুলনায় ফের বিকৃত রবীন্দ্রনাথের প্রতিকৃতি, কালো রং ছিটিয়ে অবমাননা
- আপডেট সময় : ০৪:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 6
খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ভবনের বিপরীতে রেলওয়ের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিটি ফের বিকৃত করা হয়েছে। রোববার সকালে দেখা যায়, প্রতিকৃতিটির মুখমণ্ডলে স্প্রে জাতীয় কালো রং ছিটিয়ে দেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহের ব্যবধানে একই প্রতিকৃতিতে এটি দ্বিতীয়বার এমন ঘটনার পুনরাবৃত্তি। যদিও একই দেয়ালে আঁকা কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং জুলাই আন্দোলনের নিহত আবু সাঈদ ও ওসমান হাদিসহ অন্যদের প্রতিকৃতিগুলো অক্ষত অবস্থায় রয়েছে।
এর আগে গত ৬ নভেম্বর নগরীর যশোর রোডসংলগ্ন রেলস্টেশন এলাকায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালো কালি লেপে দিয়েছিল দুর্বৃত্তরা। সেবার ৭ নভেম্বর খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে অঙ্কন করা হয়েছিল। সাম্প্রতিক এই ঘটনা প্রসঙ্গে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং দোষীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।


























