মির্জা আজমকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের
- আপডেট সময় : ০৯:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 2
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে হাজির করার জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মির্জা আজমসহ এ মামলায় মোট আসামি সাতজন।
প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। শুনানিতে তিনি আদালতকে জানান, মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। আসামির স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় অভিযান চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে নন-এক্সিকিউশন রিপোর্ট বা এনইআর ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে পলাতক মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির করার প্রক্রিয়া হিসেবে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানায় প্রসিকিউশন। ট্রাইব্যুনাল শুনানি শেষে এই আবেদন মঞ্জুর করেন।
একই মামলার অপর ছয় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
রোববার সকালে গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছিল। তবে অসুস্থতার কারণে ফারুক খানকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। এর আগে, গত ২ নভেম্বর প্রসিকিউশন সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ৫ নভেম্বর ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে ছয়জনকে হাজির করার আদেশ দেন এবং মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এই সাত নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ১৪-দলীয় জোটের বৈঠকে অংশ নিয়ে আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি এবং সেই কারফিউর সুযোগ নিয়ে হত্যাযজ্ঞ পরিচালনার পরিকল্পনা করেছিলেন। প্রসিকিউশনের দাবি, এসব সিদ্ধান্তের কারণেই দেশজুড়ে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে। এই সাত নেতার বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বা ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’র অভিযোগে মামলাটি চলমান রয়েছে। ট্রাইব্যুনাল মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন।

























