১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি
- আপডেট সময় : ০৮:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 6
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতায় মাত্র ১৮ দিনে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়সীমার মধ্যে আন্তর্জাতিক ক্রেতারা ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত রপ্তানি আদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের মাধ্যমে এই ভয়াবহ চিত্র তুলে ধরেছে।
চলতি মাসের ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত কারখানাগুলোর ব্যবসায়িক ক্ষতির ওপর এই জরিপ চালানো হয়। এতে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্য অনুযায়ী, অস্থিতিশীল পরিস্থিতি ও নানা প্রতিবন্ধকতার মুখে কারখানাগুলোকে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখতে হয়েছিল। এসব কারখানার উৎপাদন ক্ষতির এই আর্থিক হিসাব করা হয়েছে রপ্তানির এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য অনুযায়ী।
উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ অনিশ্চিত হওয়ায় রপ্তানি আদেশগুলো এখন বড় ধরনের ঝুঁকির মুখে। ক্রয়াদেশ টিকিয়ে রাখতে কারখানাগুলোকে আকাশপথে পণ্য পাঠানোসহ বাড়তি ব্যয় করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে বড় অঙ্কের মূল্যছাড় দিতে হচ্ছে। জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে না থাকায় ক্রেতারা ইতোমধ্যেই তাদের নিশ্চিত ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার। বিজিএমইএর মতে, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের নির্ভরযোগ্যতা ও আস্থার ওপর এটি একটি বড় আঘাত। বিজিএমইএর মতে, দেশের পোশাকশিল্পের প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাবের প্রতিফলন এই ক্রয়াদেশ স্থানান্তর। অন্য দেশে বিপুল পরিমাণ ক্রয়াদেশ চলে যাওয়ার ঘটনা এ সংকটেরই ইঙ্গিত দিচ্ছে।
সংগঠনটি আরও জানায়, জরিপে পাওয়া তথ্যে প্রকৃত ক্ষতির সম্পূর্ণ চিত্র উঠে আসেনি। প্রকৃতপক্ষে ক্ষতির শিকার কারখানার সংখ্যা ৬০০-এর বেশি, অথচ স্বল্প সময়ের মধ্যে ৩১৭টি কারখানার তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। তাছাড়া ১৮ নভেম্বরের পর শিল্পাঞ্চলে অস্থিরতা এখনো চলমান থাকায় প্রকৃত ক্ষতির পরিমাণ জরিপের হিসাবকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিজিএমইএ। এই সংকট কেবল আর্থিক লোকসান নয়, বরং দেশের পোশাক খাতের দীর্ঘদিনের অর্জিত ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের তথ্য প্রকাশ করে সংগঠনটি। এছাড়া জরিপে ক্ষয়ক্ষতি নিরূপণের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো চলমান রয়েছে। বিজিএমইএ বলছে, এই ক্ষতির প্রভাব শুধু আর্থিক লোকসানের মধ্যে সীমাবদ্ধ না।

























