১৫ ও ১৬ ডিসেম্বরে অস্থিতিশীলতার ছক আ.লীগের, শঙ্কা শফিকুল আলমের
- আপডেট সময় : ০৩:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 0
আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর আওয়ামী লীগের কর্মীরা আবারও রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ‘দ্য ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই পর্যবেক্ষণ তুলে ধরেন। শফিকুল আলম মনে করেন, ডিসেম্বরের পুরো মাসজুড়ে আন্দোলনের গতি ধরে রাখা তাদের পক্ষে কঠিন হবে। মাসের বাকি দিনগুলো তাদের কাছে তেমন আকর্ষণীয় হয়ে উঠবে না বলেও তিনি ধারণা করছেন।
১৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে বিমান পাঠানোর আহ্বানের প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, এর ফলে ডিসেম্বরে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যে সামান্য সাসপেন্স বা ধোঁয়াশা ছিল, তা এখন পরিষ্কার হয়ে গেছে। এই আহ্বানকে তিনি ‘ফাঁকা হুমকি’ ও ‘লোকদেখানো চ্যালেঞ্জ’ হিসেবে অভিহিত করেন। তিনি আরও বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস—আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল ও পবিত্র দিন। এদিনে তাকে ফেরাতে কেউ বিমান পাঠাবে না।
শফিকুল আলম বলেন, এই ঘোষণার ফলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোর জন্য পরিস্থিতি কিছুটা সহজ হয়েছে। কারণ, এখন আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলো একটি নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে তাদের প্রস্তুতি ও কার্যক্রম সাজাতে পারবে। এর ফলে রাজনৈতিক দলগুলোকে ওই তারিখকে ঘিরেই বিশেষভাবে রাজপথে কর্মসূচি নির্ধারণ করতে হবে।
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে শফিকুল আলম উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ ভারতের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাবে। তবে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শ্রীধরা দত্তের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নয়াদিল্লি তাকে কখনোই প্রত্যর্পণ করবে না।
























