জুরাইনে গ্যাসের আগুনে দগ্ধ একজনের মৃত্যু
- আপডেট সময় : ০২:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭
- / 251
রাজধানীর কদমতলী থানার জুরাইন মুরাদপুর এলাকায় গ্যাসের আগুনে দগ্ধ মোরছালিন (৫৫) মারা গেছেন। ঢামেক হাসাপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান।
এর আগে গত ২৭ মার্চ সকালে নিজ বাড়িতে গ্যাসের আগুনে তিনি দগ্ধ হন। এসময় হাসান মোহন (৯) ও শাওন (৯) নামে প্রতিবেশী দুই শিশুও দগ্ধ হয়। দুই শিশু বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে।
মোরছালিনের ভাতিজা সুমন সরকার জানান, জুরাইন মুরাদপুর স্কুল রোডের ৩৩২ নম্বর বাড়িটি মোরছালিন সরকারের নিজের। ২৭ মার্চ সকালে মোরছালিন পানির মটর বন্ধ করতে গিয়ে সুইচ চাপতেই সেখানে স্পার্ক করে। এসময় আগে থেকে লিকেজ থাকা পাশের বাড়ির গ্যাস লাইনের জমাকৃত গ্যাসে আগুন ধরে যায়। এতে মোরছালিন দগ্ধ হন। এসময় তার পাশে থাকা দুই শিশু হাসান মোহন এবং শাওনও দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে ওইদিন সকাল ১০টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, মোরছালিন সরকারের শরীরের ২৮ শতাংশ পুড়েছিল। রোববার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। শিশু হাসান মোহনের ১৮ শতাংশ ও শাওনের শরীরের ২২শতাংশ দগ্ধ হয়েছে। তারাও শঙ্কামুক্ত নয়।

























