ক্যান্সারের সাথে লড়ছেন তালেয়া রেহমান
- আপডেট সময় : ১১:০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭
- / 214
প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান অসুস্থ হয়ে লন্ডনের ইউনিভার্সিটি কলেজ হসপিটাল ম্যাকমিলান ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন। তিনি লিউকেমিয়ায় আক্রান্ত বলে জানিয়েছেন ওই হাসাপাতালের চিকিৎসকরা।
তালেয়া রেহমান একাধারে শিক্ষাবিদ, ভাষা আন্দোলন কর্মী ও লন্ডনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি ডেমোক্রেসিওয়াচের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক। সৃষ্টিশীল ও বিভিন্ন বিষয়ে দক্ষতার জন্য তার সুখ্যাতি রয়েছে। তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশ নিয়ে কারাবান্দী হন। ১৯৭১ সালে যুক্তরাজ্যে বিবিসিতে কর্মরত থাকা অবস্থায় তিনি লন্ডনে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও লন্ডনের স্কুল অব ইকনোমিকস থেকে একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন তালেয়া রেহমান। প্রবীণ সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী, প্রখ্যাত লেখক হাসনাত আবদুল হাই, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রখ্যাত উপন্যাসিক সমারেশ মজুমদারসহ সমাজের বিশিষ্ট লোকদের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে।
সম্প্রতি আদালতের এক আদেশে তার স্বামী শফিক রেহমানের পাসপোর্ট বাজেয়াপ্তের কারণে তিনি লন্ডনে যেতে পারেননি। শফিক রেহমানের সহকর্মী তারিকুল ইসলাম চয়ন জানান, লেখক- সাংবাদিক শফিক রেহমান তার অসুস্থ স্ত্রীর পাশে থাকার জন্য লন্ডনে যেতে চান। কিন্তু তার পাসপোর্ট সরকার জব্দ করে রেখেছে। পাসপোর্ট ফিরে পেতে আবেদন প্রক্রিয়া চলছে। আশা করি অতিদ্রুত তিনি এবং তার স্ত্রী দুজনেই ৮০ ঊর্ধ্ব অন্তত এই মানবিক বিবেচনায় তার পাসপোর্ট ফিরে পাবেন।


























