আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজ বিভাগে প্রথম বাংলাদেশের হিরা
- আপডেট সময় : ০৫:৪৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 0
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে অনন্য গৌরব অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী এহতিশামুল হক হিরা। তিনি পুরুষদের হিফজ বিভাগে ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। হিরা ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর একজন শিক্ষার্থী। গত ৬ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার পর্দা নামে ১০ অক্টোবর। সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (ডব্লিউটিসি) আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিরা।
পুরুষদের হিফজ বিভাগে হিরার সঙ্গে ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন সিরিয়ার প্রতিযোগী আবদুল রহমান জামাল ইব্রাহিম। এছাড়া এই বিভাগে ৯৬ দশমিক ৩৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন স্বাগতিক মালয়েশিয়ার মুহাম্মদ ইজ্জুল আফনান সাজালি। অন্যান্য বিভাগের ফলাফলে দেখা গেছে, নারীদের তিলাওয়াত বিভাগে ৯১ দশমিক ৮৩ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মালয়েশিয়ার নুর শাকুরা মোহাম্মদ মুসা। দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুরের আতিকাহ বিনতে সুহাইমি পেয়েছেন ৯১ নম্বর এবং ৯০ দশমিক ৮৩ নম্বর নিয়ে তৃতীয় হয়েছেন ব্রুনেইয়ের দায়াংকু সিতি উম্মি শায়জানা বিনতে পেঙ্গিরান হাজি মারজুকি। অন্যদিকে পুরুষদের তিলাওয়াত বিভাগে ৯৪ দশমিক ৬৭ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ইন্দোনেশিয়ার মুহাম্মদ ফাউজি রিদওয়ান এবং ৯২ দশমিক ৯৯ নম্বর নিয়ে দ্বিতীয় হয়েছেন মালয়েশিয়ার সিক হাসনুল তাকিয়ুদ্দিন সিক সাজালি। এ বিভাগে ৯২ দশমিক ১৭ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন বেলজিয়ামের ব্রাহিম বুগালাব। ৯৫ দশমিক ৫০ নম্বর নিয়ে দ্বিতীয় হয়েছেন লিবিয়ার মিন্নাহ আলী আলসুদানি আগনাইয়াহ।
বাংলাদেশের প্রতিযোগীদের আন্তর্জাতিক অঙ্গনে কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় সাফল্যের ধারা দীর্ঘদিনের। ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৯৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা ৩৭টি প্রথম স্থান অর্জন করেছেন। এর বাইরেও হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের নথিপত্র অনুসারে, ১৯৮২ সালে কারি আবদুল হকের সাফল্যসহ আরও বিভিন্ন বছরে উল্লেখযোগ্য বিজয় অর্জিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের হাফেজরা বেশ ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ইরানে বশির আহমদ, সৌদি আরবে আনাস বিন আতিক, তুরস্কে মুআজ মাহমুদ, কুয়েতে আনাস মাহফুজ এবং সেনেগালে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হাফেজ আবু রাইহানের প্রথম স্থান অর্জন। এছাড়া মুআজ মাহমুদ একই বছর সৌদি আরবে ১৫ পারা হিফজ বিভাগেও চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখান। ২০২৫ সালে মিশরে প্রথম স্থান অর্জন করেছিলেন আনাস বিন আতিক এবং ২০২৬ সালে মালয়েশিয়ায় হাফেজ ইব্রাহিম শেখ ও সৌদি আরবে ১৫ পারা হিফজ বিভাগে হাফেজ মোহাম্মদ নুরুদ্দিন জাকারিয়া চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। এ সময়ে ৩৫ জন বাংলাদেশি হাফেজ এ সাফল্য পেয়েছেন। একই প্রতিযোগী একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ায় বিজয়ীর সংখ্যা ও প্রথম স্থান অর্জনের সংখ্যা আলাদা। এরপর ১৯৯৪ সালে ইরানে সাখাওয়াত হোসাইন এবং ১৯৯৬ সালে একই দেশে মাহমুদুল হাসান চ্যাম্পিয়ন হন।

























