গোপালগঞ্জসহ সারাদেশেই স্বাভাবিক বাস চলাচল: মালিক সমিতি
- আপডেট সময় : ০৮:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 8
রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে শুক্রবার নির্ধারিত সময়সূচি মেনে দেশের বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে গেছে। ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে দক্ষিণাঞ্চলের রুটসহ সারা দেশে গণপরিবহন চলাচল এখন স্বাভাবিক রয়েছে। পরিবহন মালিক সমিতি ও বাস কাউন্টার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে সড়ক অবরোধের ফলে দক্ষিণাঞ্চলের কয়েকটি রুটে গত দুই দিন যান চলাচল ব্যাহত হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় বুধবার বিকেল ৪টার পর থেকেই এসব রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, যেসব বাস সায়েদাবাদ ও ফুলবাড়িয়া থেকে গোপালগঞ্জ হয়ে পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর ও বরিশাল যেত, সেগুলো নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছিল। বুধবার সন্ধ্যার পর থেকেই এসব যানবাহন গন্তব্যে পৌঁছানো শুরু করেছে।
শুক্রবার গাবতলী বাস টার্মিনালে সরেজমিনে দেখা যায়, অন্যান্য দিনের মতোই টিকিট কাউন্টারগুলোতে যাত্রীদের আনাগোনা রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে যাত্রীর উপস্থিতি কিছুটা কম থাকলেও বাস চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না। গাবতলীর বিভিন্ন পরিবহন কোম্পানির কাউন্টার মাস্টাররা জানিয়েছেন, তাদের টার্মিনাল থেকে প্রতিটি বাস সময়মতো ছেড়ে যাচ্ছে এবং কোনো ধরনের বাধার মুখে পড়তে হয়নি।
এ এস এম আহমেদ খোকন আরও বলেন, সারা দেশেই গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল। কেবল পদ্মা সেতু ও মহাসড়ক ব্যবহার করে যেসব যানবাহন দক্ষিণাঞ্চলে যেত, গোপালগঞ্জের রাস্তার অবরোধের কারণে সেগুলোর যাত্রা সাময়িক বাধাগ্রস্ত হয়েছিল। বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলো নিয়মিতভাবে খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা ও যশোরসহ সংশ্লিষ্ট জেলাগুলোতে পৌঁছাচ্ছে। এখন আর কোনো রুটে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন পরিবহন মালিক সমিতির এই শীর্ষ নেতা।

























