বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তথ্যপ্রযুক্তিমন্ত্রীর
- আপডেট সময় : ১০:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 7
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বিএনপি গণতন্ত্র, উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। এই দলে সন্ত্রাসী কিংবা চাঁদাবাজদের কোনো স্থান নেই। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধনবাড়ীর বিএনপির কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা জনগণের সঙ্গে কোনো ধরনের অন্যায় কাজে জড়িত হন, তবে তাদের শুধু দল থেকে বহিষ্কারই করা হবে না, বরং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হবে। তিনি আরও যোগ করেন, সরকার সব সময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে প্রতিশ্রুতিবদ্ধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দল কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষিত প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা হচ্ছে এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রায় যারা বাধা সৃষ্টি করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি ঘোষণা করেছিলেন, সেসব একের পর এক বাস্তবায়ন করা হচ্ছে। দল যেসব প্রতিশ্রুতি দেয়, সেগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে। সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
ফকির মাহবুব আনাম স্বপন বলেন, ভারতের মাটিতে বসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিচ্ছেন। তাদের মদদেই দেশে অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে। এসব অপশক্তিকে রুখে দিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, দলে ঘাপটি মেরে থাকা অনুপ্রবেশকারীরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর পাশাপাশি পুলিশ প্রশাসনকে আরও অধিকতর তৎপর হওয়ার আহ্বান জানান।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।

























