নিজেদের ধ্বংস করছি আমরাই, বললেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৩:২৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 6
দেশের মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ১৮৬ বছরে পা রাখা ঐতিহ্যবাহী ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। প্রেসিডেন্ট বলেন, সহিংসতা, মানুষ হত্যা ও কলকারখানা বন্ধের মতো কর্মকাণ্ড দেশের জন্য আত্মঘাতী। স্বাধীনতার ৫৭ বছর পেরিয়ে গেলেও মৌলিক সমস্যার সমাধান মেলেনি, আর এসব নিরসন না করে সামনে এগিয়ে যাওয়া কঠিন বলেও তিনি মনে করেন।
একসময় ঢাকা কলেজের ছাত্র ও পরে শিক্ষক থাকা মির্জা ফখরুল তার বক্তব্যে স্মৃতিচারণা করেন। তিনি বলেন, শিক্ষা, সাহিত্য ও বিভিন্ন জাতীয় আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে এই শিক্ষা প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য। অনুষ্ঠানে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। তিনি প্রশ্ন তোলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয় জীবনে আসলে কতটা কার্যকর ভূমিকা রাখছে। নিজের ব্যক্তিগত অভিমত ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, আমাদের শিক্ষাব্যবস্থাকে আমূলে ঢেলে সাজানো জরুরি। গ্র্যাজুয়েটরা পড়াশোনা শেষ করে বের হলেও কর্মসংস্থানের অভাব রয়েছে। তাই সময়ের চাহিদা ও দেশের প্রয়োজন অনুযায়ী শিক্ষাব্যবস্থা তৈরি করা অপরিহার্য। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের মঞ্চে দাঁড়িয়েই দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার মান ও কার্যকারিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রেসিডেন্ট। আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে; কিন্তু কর্মসংস্থান নেই। আমাদের শিক্ষাব্যবস্থাটাকে সেভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে করে সেটা সত্যিকারার্থেই ইফেক্টিভ (কার্যকর) হয়।
সবশেষে তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞানে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। একটি সাম্য ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আধুনিক ও কার্যকর শিক্ষার মাধ্যমে দেশের মৌলিক সমস্যাগুলোর সমাধান খুঁজতে হবে বলেও তিনি গুরুত্বারোপ করেন।

























