বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড গঠনে সহযোগিতা করবে সুইডেনের সিডা: পরিবেশ উপদেষ্টা
- আপডেট সময় : ০৯:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / 117
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা) বন্যপ্রাণী ট্রাস্ট তহবিল গঠনে বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি জানান, সিডা দেশের সামগ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণেও সহযোগিতা করবে।
পানি ভবনে আজ সুইডেন দূতাবাসের প্রথম সচিব (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) এবং সহযোগিতা বিষয়ক উপ-প্রধান নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রমের সঙ্গে এক বৈঠকের পর পরিবেশ উপদেষ্টা একথা জানান।
আলোচনাকালে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট সময়সীমা ও বিস্তারিত প্রকল্প কাঠামোর ওপর জোর দেয়া হয় এবং সকল প্রাসঙ্গিক অংশীজনের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়।
আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রান্তিক জনগোষ্ঠীকে সংরক্ষণ উদ্যোগের মূলধারায় সম্পৃক্ত করা, যার মাধ্যমে পরিবেশ সুরক্ষার একটি সামগ্রিক ও ন্যায়সঙ্গত পদ্ধতি নিশ্চিত করা যায়।
পরিবেশ উপদেষ্টা বলেন, ভবিষ্যতের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর মধ্যে রয়েছে জুলাই মাসে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি)-এর পরিকল্পিত উদ্বোধন, যা জলবায়ু কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে।
তিনি বলেন, এছাড়া পরবর্তী পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক সুপারিশমালা প্রণয়ন, তরুণ প্রতিনিধি, অভিজ্ঞ প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সক্রিয় নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গতিশীল ওয়ার্কিং গ্রুপ গঠন এবং সুইডেন দূতাবাসের সাথে আনুষ্ঠানিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদন। এই ক্রমবর্ধমান সহযোগিতা বাংলাদেশের সামগ্রিক জলবায়ু স্থিতিশীলতা কৌশলে একটি রূপান্তরমূলক মুহূর্তের সূচনা করবে, যেখানে সুইডেনের প্রযুক্তিগত দক্ষতা ও মূল্যবান স্থানীয় জ্ঞানের সমন্বয়ে টেকসই ও কার্যকর জীববৈচিত্র্য সংরক্ষণের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।
পরিবেশ উপদেষ্টা এর আগে, পানি ভবনে ব্রিটিশ বন্যপ্রাণী টেলিভিশন উপস্থাপক, প্রকৃতিবিদ, সংরক্ষণবিদ, লেখক, টেলিভিশন প্রযোজক এবং চলচ্চিত্র নির্মাতা নাইজেল অ্যালান মারভেনের সাথে বাংলাদেশের অনন্য বন্যপ্রাণীর ওপর একটি চলচ্চিত্র নির্মাণ বিষয়ে মতবিনিময় করেন।
বিডিসংবাদ/এএইচএস

























