মিরসরাইয়ে বাসের ধাক্কায় হাইওয়ে পুলিশের পিকআপ বিধ্বস্ত, আহত ৬
- আপডেট সময় : ১২:৫৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 8
চট্টগ্রামের মিরসরাইয়ে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় হাইওয়ে পুলিশের টহল পিকআপভ্যান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পুলিশের এক কর্মকর্তাসহ মোট ছয় সদস্য আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ হাইওয়ে থানার ওই পিকআপভ্যানটি রাতের টহল শেষ করে চট্টগ্রামমুখী ছিল। পথে পেছন থেকে ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় পুলিশ সদস্য শফিক ও রানা গুরুতর আহত হয়েছেন। এছাড়া উপপরিদর্শক (এসআই) মিল্টন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাউদ্দিন এবং কনস্টেবল সাফায়েত ও আরিফ হোসেন আহত হন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। দুর্ঘটনাকবলিত সোহাগ পরিবহনের বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

























