আরাফাত সানিকে কারাগারে পাঠানোর নির্দেশ
- আপডেট সময় : ০৯:৫৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
- / 412
তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
একদিনের রিমান্ড শেষে মঙ্গলবার আরাফাত সানিকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদশর্ক ইয়াহিয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রোববার আরাফাত সানিকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন এসআই ইয়াহিয়া। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার সকালে আমিনবাজার এলাকা থেকে আরাফাত সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
সানির বিরুদ্ধে মোট দুটি মামলা করেন এক তরুণী। একটি তথ্য-প্রযুক্তি আইনে ও একটি যৌতুক আইনে।
তথ্য-প্রযুক্তি আইনের মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আরাফাত সানির সঙ্গে ওই তরুণীর ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিয়ে হয়। গত বছরের ১২ জুন আরাফাত দুজনের কিছু ব্যক্তিগত ছবি ও ওই তরুণীর কিছু আপত্তিকর ছবি ফেসবুকের ম্যাসেঞ্জারে পাঠান। ছবি পাঠিয়ে আরাফাত সানি ওই তরুণীকে হুমকি দেন। পরে আবার ২৫ নভেম্বর ওই তরুণীকে আপত্তিকর ছবি পাঠিয়ে হুমকি দেন আরাফাত সানি।
নাসরিন সুলতানা নামে ওই তরুণী বাদী হয়ে ৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা করেন। পরদিন যৌতুক আইনে আরেকটি মামলা দায়ের করেন তিনি।
আরাফাত সানির মায়ের দাবি, তার ছেলেকে ফাঁসানো হচ্ছে।

























