হারিস কি হচ্ছেন পাকিস্তানের নতুন অধিনায়ক?
- আপডেট সময় : ০২:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
- / 168
বিডিসংবাদ অনলাইন ডেস্ক
বিশ্বকাপের পর থেকেই পাকিস্তানের অধিনায়ক পদ নিয়ে চলছে অনেক গুঞ্জন। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে প্রথম পর্ব উতরাতে পারেনি সরফরাজ আহমেদের দল।
আর এ ব্যর্থতার কারণেই সরফরাজ আহমেদকে অধিনায়ক হিসেবে আর দেখতে চান না সাবেকরা। তিন ফরম্যাটের দায়িত্ব বর্তমান অধিনায়কের ওপর রীতিমতো প্রেশারও। যার কারণে সারফরাজ ব্যাট হাতে ভালো রানও পাচ্ছেন না।
সেজন্যই দেশটির সাবেক গতিতারকা শোয়েব আখতারও চাইছেন না সারফরাজকে অধিনায়ক হিসেবে রাখা হউক। জরুরী ভিত্তিতে নেতৃত্বে রদবদলে প্রয়োজনীয়তা দেখছেন শোয়েব।
ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবে নিজের চ্যানেলে শোয়েব বলেন, ‘সরফরাজকে এখন শুধুমাত্র তার ব্যাটিং ও উইকেটকিপিং দক্ষতার জন্য ভাবা উচিত। এ দলের অধিনায়ক হিসেবে তাকে রেখে দেয়ার কোনো মানে নেই। কোনো ফরম্যাটেই সরফরাজ অধিনায়ক থাকা উচিৎ নয়।’
তাহলে সরফরাজের জায়গা নেবেন কে বা কারা? সে পথও বাতলে দিয়েছেন শোয়েব। এতদিন তিন ফরম্যাটেই সরফরাজ অধিনায়ক থাকলেও, এখন ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
শোয়েব বলেন, ‘সরফরাজের জায়গায় হারিস সোহেলকে অধিনায়ক করা উচিৎ। সে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবে। আর টেস্টের জন্য বাবর আজমকে দেয়া যায়। সে অনেক রান করেছে। আমার শুভকামনা তার জন্য।’

























