আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের
- আপডেট সময় : ১১:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / 118
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
সিকান্দার রাজার অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডকে তারা হারিয়েছে ৩১ রানে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে সোমবার (১৭ অক্টোবর) আয়ারল্যান্ডের মুখোমুখি হয় জিম্বাবুয়ে। হোবার্টে টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক এন্ড্রু বালবির্নি।
আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই ফিরেন রেজিস চাকাভা। তবে ৩৭ রানের জুটি গড়ে দলকে স্বস্তি এনে দেন ক্রেইগ আরভিন ও ওয়েসলি মাধেভেরে। তবে ৩ বলের ব্যবধানে ফিরে যান দুজনেই। ১২ বলে ৯ করেন আরভিন, ১৯ বলে ২২ করেন মাধেভেরে। দুজনের দ্রুত বিদায়ে বিপাকে পড়ে যায় জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে আসে ৪১ রান।
পরের সময়টুকু শুধুই সিকান্দার রাজার। প্রথমে শন উইলিয়ামসকে নিয়ে গড়েন ২৭ বলে ৪২ রানের জুটি। যেখানে উইলিয়ামসের অবদান ১১ বলে ১২ রান। তারপর মিল্টন শুম্বাকে নিয়ে গড়েন ৫৮ রানের জুটি মাত্র ৩৫ বলে। যেখানে শুম্বার রান ১৪ বলে ১৬। শেষ ৩ ওভারে লুক জঙ্গিকে নিয়ে সিকান্দার রাজা করেন ৩৩ রান। তবে শেষ ওভারের শেষ বলে শেষ হয় সিকান্দার রাজা অধ্যায়ের। ৫ ছক্কা আর ৫ চারে মাত্র ৪৮ বলে ৮২ রানের ইনিংস খেলেন সিকান্দার রাজা।
নির্দিষ্ট ওভার শেষে ৭ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে।
১৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে যেন আগের ইনিংসের পুনরাবৃত্তি আয়ারল্যান্ডের ইনিংসেও। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই রিচার্ড এনগারাভার বলে ফিরে যান পল স্টার্লিং। দলীয় ১৪ রানে রিচার্ড এনগারাভার দ্বিতীয় শিকার হয়ে ফিরেন লরকান টাকার। এরপরে আক্রমণে আসেন ব্লেসিং মুজরাবানি। তার প্রথম শিকার হ্যারি টেক্টর। দুই বল পরই মুজারাবানি পেয়ে যান দ্বিতীয় শিকার, এবার ফেরান আইরিশ অধিনায়ক এন্ড্রু বালবার্নিকে। ৪ ওভারে মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে তখন আয়ারল্যান্ড।
তবে ৪২ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামলান কার্টিস ক্যামফার ও জর্জ ডকরেল। ২০ বলে ২৪ রান করা ডকরেলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সিকান্দার রাজা। কার্টিস ক্যামফার ফিরেন ১৩তম ওভারে দলীয় ৯১ রানে। টেন্ডাই চাতারার জোড়া শিকার হন ২৪ রান করা স্টিফেন ডোহানি ও সিমি সিং। ১৫.৫ ওভারে দলীয় ১১১ রানে নবম উইকেট হিসেবে মার্ক অ্যাইডার ফিরলে আয়ারল্যান্ডের অল আউট হওয়া তখন শুধুই সময়ের অপেক্ষা।
তবে শেষ উইকেট জুটিতে ২৫ বলে ৩২ রানের জুটিতে আয়ারল্যান্ড রক্ষা পায় অল আউট হওয়া থেকে। ৯ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করতে পারে আইরিশরা। হেরে যায় ৩১ রানে। ব্যারি ম্যাকার্থি অপরাজিত থাকেন ২২ রানে। এ রান আসে ১৬ বল থেকে।
ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম করে ম্যাচ সেরা জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ব্যাট হাতে ৪৮ বলে ৮২ রানের পাশাপাশি বল হাতেও নিয়েছেন ১ উইকেট।
বিডিসংবাদ/এএইচএস

























