প্রিমিয়ার লিগে পয়েন্ট হারাল আর্সেনাল
- আপডেট সময় : ১১:৫৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / 127
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
প্রিমিয়ার লিগে পয়েন্ট হারিয়েছে বর্তমান টেবিল টপার আর্সেনাল। সাউদাম্পটনের সাথে ১-১ গোলে ড্র করেছে গানাররা।
রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় সেন্ট ম্যারি স্টেডিয়ামে মুখোমুখি হয় সাউদাম্পটন ও আর্সেনাল। সাউদাম্পটন এই ম্যাচটি খেলেছে ৫-৪-১ ফর্মেশনে,অর্থাৎ আর্সেনালের আক্রমণ ঠেকানোর সবরকম প্রস্তুতিই নিয়ে মাঠে নেমেছিলো স্বাগতিকরা।
তবুও ম্যাচের প্রথমার্ধের শুরুতে আর্সেনাল দারুণ অ্যাটাক করতে থাকে,ফলাফলস্বরুপ ম্যাচের ১১ মিনিটেই বেন হোয়াইটের এসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন গ্রানিত ঝাকা। এরপর সাউদাম্পটন ম্যাচে ফেরার চেষ্টা করে। আর আর্সেনালও নিজেদের আক্রমণ চালু রাখে। এরমধ্যে দলের নম্বর নাইন গ্যাব্রিয়েল জেসুস বেশকিছু সুযোগ মিস করেন, সেটা না হলে আর্সেনাল হয়তো আরও বেশি গোলে এগিয়ে থাকত। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
প্রথমার্ধে দারুণ খেলা আর্সেনাল দ্বিতীয়ার্ধে এসে যেন খেলাই ভুলে গেল। প্লেয়ারদেরকেও মনে হচ্ছিল যথেষ্ট ক্লান্ত। এছাড়াও ছিল প্লেয়ারদের সুযোগ মিসের মহড়া। এই সুযোগে ম্যাচের ৬৫ মিনিটে দলকে সমতায় ফেরান স্টুয়ার্ট আর্মস্ট্রং। স্কোরলাইন তখন ১-১।
এরপর ম্যাচের ৭৯ মিনিটে আর্সেনাল ক্যাপ্টেন ওডেগার্ড গোল করলেও তা বাতিল হয়ে যায়। এরপর আর কোনো গোল না হলে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্টেটার শিষ্যরা। উল্লেখ্য, এই সিজনে প্রথম ড্র করে পয়েন্ট হারালো আর্সেনাল।
এই ড্র-য়ে ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। লিগে আর্সেনালের পরবর্তী ম্যাচ আগামী ৩০ শে অক্টোবর, প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট।
আর্সেনালের পয়েন্ট হারানোর দিনে ম্যাচ হেরেছে আর্সেনালের নগর প্রতিদ্বন্দী ক্লাব টটেনহাম।ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে লন্ডনের এই ক্লাবটি।
ম্যাচের প্রথমার্ধের ৩১ মিনিটে ক্যালাম উইলসন ও ৪০ মিনিটে মিগুয়েল আলমিরনের গোলে ২-০ তে এগিয়ে যায় সফরকারীরা। ২-০ ব্যবধানের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে নিউক্যাসল ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে গোল করে ব্যবধান কমান হ্যারি কেইন। এরপর আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে এডি হোওয়ের দল। আর এন্তনিও কন্তের টটেনহামকে ডুবতে হয় হতাশায়।
এই পরাজয়ে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে টটেনহাম। লিগে টটেনহামের পরবর্তী ম্যাচ আগামী ২৯ অক্টোবর, প্রতিপক্ষ বোর্নমাউথ।
বিডিসংবাদ/এএইচএস

























