প্রবীণ সাংবাদিক তবিবুল ইসলাম আর নেই
- আপডেট সময় : ১০:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
- / 130
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
প্রবীণ সাংবাদিক তবিবুল ইসলাম আর নেই। আজ সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯/বি রোডে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম বেদু বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাংবাদিক তবিবুল ইসলামের বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১৯৩৬ সালের ১ অক্টোবর জামালপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম তালেব আলী, মা ছারা খাতুন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার এক মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী এবং অপর মেয়ে একজন ব্যাংকার।
তবিবুল ইসলাম দীর্ঘ সাংবাদিকতা জীবনে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত ছিলেন। তিনি বাসস’র প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস উইংয়ে সংযুক্ত ছিলেন।
আজ রাত ১১টায় উত্তরা ৫ নম্বর সেক্টর জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে তাকে উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হবে।
বিডিসংবাদ/এএইচএস




















