সিলেটে ১০ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
- আপডেট সময় : ০১:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 131
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের উদ্ধার কাজ শেষে প্রায় ১০ ঘণ্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের শিববাড়ি এলাকায় ঢাকাগামী একটি তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা দীর্ঘ সময় স্টেশনে আটকা পড়েন। উপবন ও কালনী এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেনও আটকে ছিল।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানিয়েছেন কুলাউড়া থেকে আসা একটি রিলিফ ট্রেন লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়। এরপর রেললাইনের মেরামত কাজ শেষে ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু হয়। তবে সারাদিন শিডিউল বিপর্যয় থাকতে পারে।
এদিকে রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডিসংবাদ/এএইচএস























