মানিকগঞ্জে প্রবাসীসহ তিনজনের মৃত্যু: তদন্তে পুলিশ
- আপডেট সময় : ০৪:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 2
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় এক বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন সৌদি আরব প্রবাসী একরাম মোল্লা (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাদের দেড় বছর বয়সী কন্যা শিশু অ্যালিজা। স্থানীয় সূত্রে জানা গেছে, একরাম মোল্লা দীর্ঘদিন প্রবাসে থাকার পর কিছুদিন আগেই দেশে ফিরেছিলেন।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশের ধারণা, প্রবাসী একরাম মোল্লা প্রথমে তার স্ত্রীর মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। এরপর নিজের দেড় বছর বয়সী শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার পর তিনি নিজেও ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে প্রাণ হারান। তবে এই মর্মান্তিক ঘটনার পেছনে কোনো পারিবারিক কলহ বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া উদ্ধার করা মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।























