এনসিপির সংবাদ সম্মেলন, এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে
- আপডেট সময় : ০৩:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 0
এক মাসের ব্যবধানে দুই দফায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২ নভেম্বর) রাতে ঢাকার বাংলামোটরে অবস্থিত দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এ সময় নেতাদের হাতে খালি গ্যাস সিলিন্ডার দেখা যায়। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এ প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, জনসাধারণ যেন সহজে প্রতিবাদ জানাতে না পারে, সেজন্যই রাতের অন্ধকারে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার রাতের বেলা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, যা আগের সরকারেরই অনুসৃত নীতি। অবিলম্বে দাম বৃদ্ধির এই বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
কর্মসূচির পরবর্তী ধাপ সম্পর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভবিষ্যতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ের সামনে খালি সিলিন্ডার নিয়ে বিক্ষোভ করা হবে। সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিজেরাও সিলিন্ডার হাতে রাজপথে নেমে এই অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আকরাম হোসাইন এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























