খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী: থাকছে বিশেষ কর্মসূচি
- আপডেট সময় : ১০:৫০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 6
খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউজে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন।
আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার পর ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি মোংলার উদ্দেশ্যে রওনা হবেন।
এরপর সড়কপথে খুলনায় সফর শেষ করে বিকেলের পর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী মোংলায় দুটি এবং খুলনায় একটি মূল অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের কথা রয়েছে।
পাশাপাশি বাগেরহাট জেলা সদরে অবস্থিত হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা শহরে উৎসবের আমেজ তৈরি হয়েছে, এলাকাটি সাজানো হয়েছে বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে। প্রধানমন্ত্রীর খুলনা সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রীর দিনের সফরসূচি
- সকাল ৯টার পর: ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মোংলার উদ্দেশ্যে যাত্রা।
- সকাল ১০টা: মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে যোগদান।
- সকাল সাড়ে ১০টা: মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বন্দর সম্প্রসারণ বিষয়ক সমঝোতা স্মারক সই।
- সকাল ১১টা ১৫ মিনিট: সড়কপথে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশ্যে রওয়ানা।
- দুপুর ১২টা ৪৫ মিনিট: মাজার শরিফে পৌঁছে জিয়ারত সম্পন্ন করা।
- দুপুর ১টা ২৫ মিনিট: মাজার এলাকা থেকে সড়কপথে খুলনার উদ্দেশ্যে যাত্রা।
- দুপুর ২টা ১৫ মিনিট: খুলনা সার্কিট হাউজে আগমন ও বিশ্রাম।
- বিকেল ৩টা: খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতার উদ্বোধন।
- বিকেল ৫টার পর: খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করা।
স্টেডিয়ামে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সফরের সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৫টার পর প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
- মন্তব্য (০ )।























