বিএনপি ব্যর্থ আওয়ামী লীগ, দাবি হাসনাত আব্দুল্লাহর
- আপডেট সময় : ০৩:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 0
বিএনপিকে ‘ব্যর্থ আওয়ামী লীগ’ এবং আওয়ামী লীগকে ‘সফল আওয়ামী লীগ’ হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, বিপ্লব বা গণঅভ্যুত্থানে জনগণের অংশগ্রহণে অর্জিত ঐতিহাসিক ঘটনাগুলোর সুযোগ নেয় বিএনপি। কিন্তু সেই সুযোগ কাজে লাগানোর পর তারা আবার আওয়ামী লীগের পথেই হাঁটতে চায়।
হাসনাত আব্দুল্লাহর মতে, ১৯৯০, ১৯৯৬ ও ২০০৬ সালে বিএনপি ঠিক এমন ভূমিকাই রেখেছিল। তিনি বলেন, আওয়ামী লীগের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য ও চরিত্র রয়েছে। কোনো দলের ব্যানার ব্যবহার করলেও যদি কারো মধ্যে ‘হাসিনাপনা’ বিদ্যমান থাকে, তবে দিনশেষে তিনি আওয়ামী লীগেই পরিণত হন। বিএনপির জার্সিতেও আওয়ামী লীগের চরিত্র লুকিয়ে থাকতে পারে, ঠিক একইভাবে এনসিপির ব্যানারেও কেউ আওয়ামী লীগের বৈশিষ্ট্য ধারণ করতে পারে বলে তিনি সতর্ক করেন।
আওয়ামী লীগ ও বিএনপির তুলনামূলক আলোচনায় হাসনাত বলেন, আওয়ামী লীগ যেসব প্রকল্প বাস্তবায়ন করতে চেয়েছে, বিএনপিও সেগুলোর পেছনে ছুটেছে। কিন্তু বিএনপি ব্যর্থ হলেও আওয়ামী লীগ তাতে সফল হয়েছে। নির্বাচনব্যবস্থা কলুষিত করার ক্ষেত্রেও বিএনপি প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে, যেখানে আওয়ামী লীগ সফল। বিএনপির নিয়ত বা মানসিকতার মধ্যে তিনি কোনো ইতিবাচক দিক দেখতে পান না বলেও দাবি করেন।
দেশের সামগ্রিক প্রয়োজনে ভবিষ্যতে আর কোনো রক্তক্ষয়ী পরিস্থিতির মুখোমুখি হওয়া এড়াতে গুরুত্ব দেন এই সংসদ সদস্য। তিনি প্রশ্ন রেখে বলেন, একটি জাতি কতবার রক্ত দেবে? এত অল্প সময়ে বারবার রক্তক্ষয় সহ্য করা কঠিন। ৯০-এর প্রজন্ম থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত সবাই রক্ত দিয়েছে। একটি প্রজন্ম শেষ হওয়ার পর নতুন প্রজন্ম এসে আবার যখন পরিচয় ও অবস্থানের সংকটে পড়ে, তখন তাদেরও রক্ত দিতে হয়। এভাবেই পরিচয় খুঁজতে খুঁজতে একটি প্রজন্মের সমাপ্তি ঘটে। অতীতের প্রজন্মকে কেবল দায় দেওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের এই দায়বদ্ধতার সময়সীমা সর্বোচ্চ ১০ থেকে ১৫ বছর। এরপর নতুন প্রজন্ম এসে আমাদেরই কাঠগড়ায় দাঁড় করাবে।






















