ইরানের পরমাণু তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় : ০৩:৫৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 0
ইরানের পরমাণু কর্মসূচি, সংশ্লিষ্ট স্থাপনা ও সরঞ্জামের তথ্য দেওয়ার বিনিময়ে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
এ ছাড়া তথ্য প্রদানকারীকে নিরাপদে অন্য দেশে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই আর্থিক পুরস্কার ও পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। ১৯৮৪ সালে চালু হওয়া এই কর্মসূচির মূল লক্ষ্য হলো মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক তথ্যের বিনিময়ে পুরস্কার প্রদান করা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ-এর নিরাপত্তাবিষয়ক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে ইরান। ফলে সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের উৎপাদন ও মজুত সম্পর্কিত তথ্যের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটে পারমাণবিক বিজ্ঞানীদের মতো সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়েও তথ্য চেয়ে ঘোষণাটি দেওয়া হয়েছে।
এদিকে এই পুরস্কারের ঘোষণা দেওয়ার পাশাপাশি ইরানের সঙ্গে চলমান উত্তেজনার অবসান নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যকরভাবে ধ্বংস করে দিয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, আট মাস ধরে চলা এই যুদ্ধে ইরানের সামরিক ও অর্থনৈতিক শক্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তেহরান এখন সমঝোতায় পৌঁছাতে মরিয়া। এমনকি যুক্তরাষ্ট্র হামলা না চালালে ইসরায়েলের টিকে থাকা কঠিন হতো বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ৩ নভেম্বর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সংকট নিরসনের চেষ্টা করছে তার সরকার। তবে এর আগে ১ নভেম্বর ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, ইরানে আরও এক বা দুটি লক্ষ্যবস্তুতে আঘাতের প্রয়োজন হতে পারে। এর মধ্যে মধ্য ইরানের ‘পিকাক্স পর্বত’ এলাকাটিও অন্তর্ভুক্ত, যাকে সম্ভাব্য পারমাণবিক স্থাপনা বলে ধারণা করে যুক্তরাষ্ট্র। যদিও ইরান বরাবরই এ ধরনের কোনো পারমাণবিক স্থাপনা থাকার কথা অস্বীকার করে আসছে।























