ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন
- আপডেট সময় : ১০:৫০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 0
ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে গত শনিবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত প্রতিবেদন থেকে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ করছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হরমুজ প্রণালিতে ইরানের কোনো সামরিক কর্মকাণ্ডের সাথে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে, তবে নির্দিষ্ট কোনো ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি কর্তৃপক্ষ এখনো স্বীকার করেনি। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় হরমুজ প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
এদিকে, আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির দাবি, কেশম দ্বীপের ওই বিস্ফোরণের শব্দের সাথে কোনো ক্ষেপণাস্ত্র হামলার সম্পর্ক নেই। এই ঘটনার কয়েকদিন আগেই দ্বীপটিতে যুক্তরাষ্ট্র সীমিত পরিসরে হামলা চালিয়েছিল বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তা আরও দাবি করেন, এর মাধ্যমে কোনো বড় আকারের সামরিক অভিযান শুরু করা হয়নি।
অন্যদিকে, রোববার ভোরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী জাহাজ মাইন বিস্ফোরণের কবলে পড়ে আগুন ধরে গেছে। জাহাজ দুটি অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করছিল বলে বাহিনীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় শোনা বিস্ফোরণের শব্দের সাথে এই অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
























