সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন
- আপডেট সময় : ০৯:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 0
সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা চালক আসাদুলকে হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লা শারমীন এই রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের বাসিন্দা মনির হোসেন, আনছার আলী ও আব্দুল বাছেদ। মামলার সরকারি কৌঁসুলি, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ নিশ্চিত করেছেন যে, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, বগুড়া জেলার শেরপুরের বাসিন্দা আসাদুল ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে অটোরিকশা নিয়ে নিখোঁজ হন। সিএনজির মালিক আব্দুর রহমান ও নিহতের পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। পরের দিন ১৭ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের ধুকুরিয়া গ্রামে রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়। ঘটনার পর স্থানীয় চৌকিদার শ্রী শুকুমার চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি রাত ১০টা পর্যন্ত তিনি সিএনজির মালিকের কাছে জমা না দেওয়ায় সিএনজির মালিক আব্দুর রহমান ও পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন।
তদন্ত শেষে পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, আসামিরা সিএনজি ছিনতাই করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ভাড়ার বাহানা করে আসাদুলকে নিয়ে যান। এরপর চালককে হত্যা করে তারা সিএনজিটি নিয়ে পালিয়ে যান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সোমবার এই দণ্ডাদেশ প্রদান করেন।

























