জোহানেসবার্গ-কেপটাউনে ফ্লাইট চালু নিয়ে সক্রিয় সরকার
- আপডেট সময় : ০৪:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 1
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বাংলাদেশের সরাসরি আকাশপথের যোগাযোগ স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার। দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াত ও ভ্রমণ প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকটিতে মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদল দেশটিতে বিমানের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তাদের আগ্রহের কথা জানান। এর প্রেক্ষিতে মন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি দুই দেশের পর্যটন শিল্পের বিকাশ, সাংস্কৃতিক মেলবন্ধন এবং পর্যটক আদান-প্রদান বৃদ্ধির বিষয়েও উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেন।
এ সময় দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার পর্যটন খাতের সহযোগিতা আরও জোরদার করতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরের প্রস্তাব দেন। আলোচনা শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করে যে, বিমান যোগাযোগ ও পর্যটন খাতের এই নতুন অংশীদারিত্বের মাধ্যমে ঢাকা ও প্রিটোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।























