বাংলাদেশ ভ্রমনে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ১২:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
- / 223
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে দেশটি। বাংলাদেশের ক্ষেত্রে একাধিক সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করেছে দেশটির কর্তৃপক্ষ। আইন-শৃঙ্খলা বাহিনী মনে করে, নিরাপত্তা সংকট নেই দেশে।
সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কতা জারি করে বলে, ‘সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। তাই বাংলাদেশ ভ্রমণে নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। ‘ তবে ‘বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভ্রমণের ক্ষেত্রে এ সতর্কতা নতুন করে জারি করা হয়নি, আগে থেকেই এ সতর্কতা কার্যকর ছিল৷ আর সেটাই আবার জানিয়ে দেয়া হয়েছে নাগরিকদের৷’ বলা হয়েছে, ‘বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করার অংশ হিসেবে এ সতর্কতা জারি করা হয়েছে।’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘যুক্তরাষ্ট্রের আশঙ্কা, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসীরা হামলার পরিকল্পনা করছে৷ মার্কিন স্থাপনা, নাগরিক ও স্বার্থে এ হামলা হতে পারে৷’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘সন্ত্রাসী হামলা, রাজনৈতিক বিক্ষোভ ও সহিংসতা হঠাৎ করেই ঘটে৷ ফলে এই তিনটি দেশ ভ্রমণের সময় মার্কিন নাগরিকদের অত্যাধিক সতর্কতা এবং নিজেদের নিরাপত্তায় সচেতন থাকতে হবে।’
সতর্ক-বার্তায় আরো বলা হয়, ‘আইএস, আল-কায়েদা এবং তাদের সমর্থকর বিশ্বের নানা জায়গায় মার্কিন নাগরিকদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে৷ উগ্রপন্থিরা প্রচলিত ও অপ্রচলিত অস্ত্র দিয়ে মার্কিন সরকারি ও বেসরকারি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনার ওপর হামলা চালাতে পারে।’
যদিও বাংলাদেশে মার্কিন নাগরিকদের এই ভ্রমণ সতর্কতার ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশসনার মাসুদুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তার কোনো সংকট নেই৷ হোলি আর্টিজানের ঘটনার পর বিদেশিদের নিরপত্তা বাড়ানো হয়েছে৷ বিদেশি নাগরিক এবং বিদেশি স্থাপনায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে৷”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বাংলাদেশে জঙ্গিদের এখন বড় ধরনের কোনো হামলা চালানোর শক্তি বা সংগঠন কোনোটাই নেই৷ শীর্ষ জঙ্গিরা হয় ধরা পড়েছে, নয় নিহত হয়েছে৷ আর তারা পুলিশের তৎপরতার কারণে নতুন করে সংগঠিত হওয়ারও সুযোগ পচ্ছে না।”
সূত্র: ডয়েচে ভেলে।

























