আন্তর্জাতিক আইন ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার হাতিয়ার: রুবিও
- আপডেট সময় : ০৩:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 2
আন্তর্জাতিক আইনকে নিজেদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহারের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি মনে করেন, আন্তর্জাতিক আইনের আড়ালে বৈশ্বিক ক্ষমতাধর অভিজাতরা মূলত নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। ফেডারেলিস্ট সোসাইটির ন্যাশনাল লইয়ার্স কনভেনশনে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ওয়াশিংটন বেশ ক্ষুব্ধ।
এরই প্রেক্ষাপটে রুবিও আইসিসিকে একটি ‘বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন আদালত’ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, এই আদালত কারও কাছেই জবাবদিহি করতে বাধ্য নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ওয়াশিংটন আদালতটির কার্যক্রম অকার্যকর করার অঙ্গীকার করেছে এবং সব ধরনের লেনদেন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।
আইসিসিকে সতর্ক করে রুবিও বলেন, রোমান সেনাপতি পম্পেইর মতো তিনিও মনে করেন ‘তরবারিধারীদের কাছে আইন উদ্ধৃত করার’ পরিণতি সুখকর হবে না। যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়াই এবং তাদের নিয়ন্ত্রণের বাইরে থেকে কোনো আন্তর্জাতিক সংস্থা আমেরিকানদের বিচার বা হয়রানি করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। অথচ তাদের হাতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে তদন্ত, বিচার, হয়রানি এবং কারাগারে পাঠানোর ক্ষমতা রয়েছে—এমন সব আইনের ভিত্তিতে, যেগুলোতে যুক্তরাষ্ট্র সম্মতি দেয়নি এবং যেগুলো নিয়ন্ত্রণের ক্ষমতাও তাদের নেই। তিনি আরও বলেন, ‘তারা যদি এতটাই নির্বোধ হয় যে তাদের কাগুজে আদেশ আমেরিকানদের ওপর কার্যকর করার চেষ্টা করে, তাহলে আমাদের জবাব সম্ভবত রোমান সেনাপতি পম্পেইর সেই কথার মতোই হবে। একসময় তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে নগরীর আইন ও সনদের কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছিল।’। পম্পেই তখন বলেছিলেন, ‘তরবারিধারীদের কাছে আইন উদ্ধৃত করা বন্ধ করুন।’।
মার্কিন কূটনীতিক রুবিওর ভাষ্যমতে, অতীতে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক কিংবা ক্যারিবীয় অঞ্চলে নৌযানে অভিযানসহ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সিদ্ধান্তের বিরুদ্ধেও আন্তর্জাতিক আইনকে ঢাল হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালানো হয়েছে। তিনি দাবি করেন, এ ধরনের আইন আসলে নিরপেক্ষ নয়, বরং এর পেছনে শক্তিশালী স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব বিদ্যমান। ধারণা করা হচ্ছে, তিনি পররাষ্ট্রনীতির দায়িত্বের বাইরেও নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার কথা ভাবছেন।
উল্লেখ্য, আইসিসি প্রতিষ্ঠার মূলে থাকা রোম সংবিধিতে স্বাক্ষর করলেও যুক্তরাষ্ট্র কখনো এটি অনুসমর্থন করেনি। এছাড়া রাশিয়া, চীন এবং ইসরায়েলের মতো দেশগুলোও এই আদালতের সদস্য নয়। কোনো দেশের নিজস্ব আইনি ব্যবস্থা অপরাধ দমনে ব্যর্থ হলে আইসিসি শেষ ভরসা হিসেবে কাজ করার কথা থাকলেও ওয়াশিংটনের অভিযোগ, আদালতটি এখন পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছে। এর প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্র আইসিসির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছিল। আইসিসি বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধ ও নৃশংসতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনে।
আইনি পেশার সাথে সংশ্লিষ্টদের এই সম্মেলনে রুবিওর এমন কড়া বক্তব্য তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা তৈরি করেছে। তবে ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত রুবিও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতির জন্য তার বর্তমান দায়িত্ব ছাড়ার পরিকল্পনা নাকচ করে দিয়েছেন। ওয়াশিংটন এখন এই আদালতটির কার্যক্রম স্থবির করে দিতে বদ্ধপরিকর, যা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।
























