খলিল বিরিয়ানী ফ্রানচাইজ: যুক্তরাষ্ট্র থেকে বিশ্বজয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আপডেট সময় : ০১:৪২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / 167
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
বাংলাদেশি খাবারের স্বাদ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে খলিল বিরিয়ানী ফ্রানচাইজের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রথম শাখা চালু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাফেলোতে। ইতোমধ্যে ১০টি শহরে, যেমন ডেট্রয়েট, মায়ামী, ওয়াশিংটন ডিসি, এবং ফিলাডেলফিয়ায় রেস্টুরেন্ট খোলার প্রস্তুতি চলছে।

২৩ নভেম্বর নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সিইও খলিলুর রহমান এই ঘোষণা দেন। তিনি জানান, বাংলাদেশি খাবারের পরিচিতি বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক বিনিয়োগ প্রায় সাড়ে তিন লাখ ডলার। ফ্রানচাইজ ফি ৩৫ হাজার ডলার এবং বিক্রয় থেকে ৫% রয়্যালটি ফি দিতে হবে।
খলিল বিরিয়ানী ফাউন্ডেশন খাবারের গুণগত মান বজায় রাখতে একটি কুলিনারি স্কুল চালু করছে, যা ২০২৪ সালের জানুয়ারিতে ঢাকায় উদ্বোধন হবে। প্রতিটি শাখায় নির্দিষ্ট রেসিপি এবং নিজেদের কারখানার বিশেষ মশলা ব্যবহার বাধ্যতামূলক।

বিশ্বব্যাপী বাংলাদেশি ব্র্যান্ড গড়ার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটি শীঘ্রই মালয়েশিয়া, লন্ডন, অস্ট্রেলিয়া এবং দুবাইতেও শাখা খুলতে প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রে এটি ইতোমধ্যেই বাংলাদেশি খাবারের ব্র্যান্ড হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে।
আয়োজনের মডারেটর আহাদ আলী জানান, ব্যাংক লোন প্রক্রিয়া সহজ করার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা খলিলুর রহমানের এই উদ্যোগকে প্রশংসা করেন।
বিশ্বের রান্নাঘরে বাংলাদেশি খাবারের সুনাম ছড়িয়ে দিতে খলিল বিরিয়ানী ফ্রানচাইজ একটি নতুন দিগন্তের সূচনা করলো।


























