জর্জিয়ার কার্নেসভিলে তুষারপাত ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন
- আপডেট সময় : ১২:৪৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / 202
মীর আহম্মদ মীরু, যুক্তরাষ্ট্র, জর্জিয়া
যুক্তরাষ্ট্রের জর্জিয়া কার্নেসভিলেতে আজকের আবহাওয়া পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল রূপ ধারণ করেছে। প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরজুড়ে ভারী তুষারপাতের কারণে প্রায় সব ধরনের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

জর্জিয়ায় বর্তমানে শিলাবৃষ্টি হচ্ছে, আজকের তাপমাত্রা সর্বনিম্ন -১ ডিগ্রী সেলসিয়াস। এলাকায় শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে, যা শনিবার সকাল ৭টা পর্যন্ত কার্যকর থাকবে। এলাকায় সর্বশেষ তুষারপাত হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, তবে এবারের তুষারপাত আরও তীব্র এবং দীর্ঘস্থায়ী হওয়ার পূর্বাভাস রয়েছে।

তুষারপাতের কারণে রাস্তা ও মহাসড়কে বরফ জমে গেছে, ফলে যাতায়াত ব্যবস্থা ভীষণভাবে বিপর্যস্ত। সকালে পিচ্ছিল রাস্তায় একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে এবং প্রয়োজনে ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। ঠান্ডা বাতাস এবং বরফে ঢাকা পরিবেশে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। অধিকাংশ মানুষ নিজ নিজ বাসায় অবস্থান করছেন, অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী মাসুদ জানান, তার বাড়ির সামনের রাস্তাসেখানে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বরফঢাকা রাস্তায় উল্টে যায়।
তিনি আরও বলেন, “তুষারপাতের কারণে রাস্তা একেবারে পিচ্ছিল হয়ে গেছে। দমকল ও উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছালেও বরফের কারণে তাদের কাজ করতে সমস্যা হচ্ছে। এই পরিস্থিতি খুব ভয়ের।

তুষারপাতের প্রভাবে দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপরও এর প্রভাব পড়েছে। দোকানে ক্রেতাদের উপস্থিতি অত্যন্ত কম, ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

কার্নেসভিলে এর আগেও তুষারপাত হয়েছে, তবে এটি নিয়মিত ঘটনা নয়। জর্জিয়ার উত্তর-পূর্ব অংশে অবস্থিত এই শহরে শীতকালে মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি তুষারপাত হয়, কিন্তু বড় ধরনের বা তীব্র তুষারপাত খুব কমই ঘটে।


























