সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির
- আপডেট সময় : ১১:১৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 6
ডাকসু ভিপি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই হামলাকে কাপুরুষোচিত বলে অভিহিত করেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির ক্ষোভ প্রকাশ করে বলেন, রোববার দিবাগত রাত ৩টার পর ডাকসুর এই জনপ্রিয় নেতার বাড়িতে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এ হামলা চালিয়েছে। তিনি দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে এই ঘটনার জন্য প্রধানত দায়ী করেন ডা. শফিকুর রহমান। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত দিতে হবে বলেও তিনি সতর্ক করেন। অবশ্যই অতি দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
এর আগে রোববার ভোরে নিজের ওপর হামলার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন সাদিক কায়েম নিজেই। তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে একদল সন্ত্রাসী তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশে বোমা মেরে দরজার সামনে আগুন লাগিয়ে পুরো বাড়ি জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ করেন তিনি। পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘রোববার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
সাদিক কায়েম জানান, স্থানীয় এলাকাবাসীর দ্রুত প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। এই হামলার ঘটনার পর থেকে স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জামায়াত আমির জোর দিয়ে বলেন, পতিত ফ্যাসিবাদের এমন তাণ্ডব আর নীরব বসে দেখার সুযোগ নেই।

























