ডেঙ্গুতে মৃতের সংখ্যা বাড়ছেই
- আপডেট সময় : ০৮:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / 254
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে।
এ সময়ে আরো ৫২৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ৩৫২ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১৭৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ১৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে ১ হাজার ৫৯৮ জন ঢাকার মধ্যে এবং ৫৪৬ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৭ হাজার ৮২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ৫১১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪ হাজার ৩০৯ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ১৫ হাজার ৬১৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এদের মধ্যে ১১ হাজার ৮৮৪ জন ঢাকার এবং বাকি ৩ হাজার ৭৩১ জন ঢাকার বাইরের বাসিন্দা।
সোমবার তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৬১ জনে পৌঁছেছে।
সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস
























