নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘বাংলাদেশ ডে প্যারেড’ আগামী এপ্রিলে
- আপডেট সময় : ১২:১৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 195
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ডে প্যারেড ২০২৫। আগামী ১৩ এপ্রিল, রবিবার জাঁকজমকপূর্ণ এই প্যারেড আয়োজন করা হবে ৩৭তম এভিনিউতে। এটি ৬৯তম স্ট্রিট থেকে ৮৭তম স্ট্রিট পর্যন্ত ১৭ ব্লকের বিস্তৃত এলাকায় অনুষ্ঠিত হবে।


২৬ ফেব্রুয়ারি ২০২৫, এক সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা বাংলাদেশ সোসাইটি ইনক, ইন এসোসিয়েশন অব হিউম্যানিটি এমপাওয়ারমেন্ট রাইটস এ তথ্য নিশ্চিত করেছে।

আয়োজকদের মতে, প্যারেডটি নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্য তুলে ধরার এক বিশাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

আয়োজকদের অন্যতম ফাহাদ সোলায়মান জানিয়েছেন, গতবারের মত বাংলাদেশ ডে প্যারেডে এবারও বাংলাদেশের খ্যাতিমান তারকারা অংশগ্রহণ করবেন। আয়োজকরা আশা করছেন, বাংলাদেশি কমিউনিটির বিপুল জনসমাগমে এই আয়োজন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে।

প্যারেডের মূল প্রতিপাদ্য থাকবে “বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য” তুলে ধরা। আয়োজকরা আশা করছেন, এটি নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি হবে।


























