ফ্লোরিডায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯
- আপডেট সময় : ০১:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 1
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টিতে রোববার (১ নভেম্বর) দুপুরে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ ফ্লোরিডার ক্রেস্টহেভেন এলাকার কাছে লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি মাটিতে আছড়ে পড়ে। এতে উড়োজাহাজে থাকা ৯ জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি। দুর্ঘটনাটি ঘটার পরপরই সেখানে বড় ধরনের বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটি ছিল লিয়ারজেট ৬০ মডেলের। মুহূর্তেই সেখানে আগুনের বিশাল গোলা তৈরি হয়।
অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জিম রেনল্ডস নিশ্চিত করেছেন যে, বিধ্বস্ত উড়োজাহাজটি ব্যক্তিমালিকানাধীন ছিল এবং এর নিবন্ধন নম্বর এন৭২২বিডি। উড়োজাহাজটি টেক্সাসের ওই বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল। দুর্ঘটনাস্থলটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো এস্টেট থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। তবে দুর্ঘটনার সময় ট্রাম্প আইওয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে ছিলেন এবং এ ঘটনার সঙ্গে তাঁর সফরের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি এই দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং পরিবহন বিভাগ বিষয়টিকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও এফএর কর্মকর্তারা ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। তবে উড়োজাহাজটিতে আরোহী হিসেবে কারা ছিলেন, তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তদন্তের অগ্রগতি ও নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানটি আকাশ থেকে খাড়াভাবে একটি ব্যস্ত সড়কে আছড়ে পড়ে, যার ফলে সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়। পাশের বিদ্যুতের খুঁটিতেও আগুন ধরে যায় এবং কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। আবাসিক এলাকা সংলগ্ন স্থানে এই বিধ্বস্তের ঘটনাটি ঘটলেও উড়োজাহাজের বাইরে কোনো সাধারণ মানুষ বা বাড়িঘর ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তকারী দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে দুর্ঘটনায় উড়োজাহাজের বাইরে বা আশপাশের এলাকায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কাছাকাছি থাকা বাড়িঘর ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।





















