রাজাপুরে ১২০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু
- আপডেট সময় : ০৭:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 0
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামালের হাত ধরে রাজাপুরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় ১২০০ কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাজাপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১হাজার ২০০কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি অফিসের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা ও কৃষি পুনর্বাসন কমিটির সদস্য সচিব মোসা. শাহিদা শারমিন আফরোজ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসেন শাহারিয়ার সিফাত।
উপজেলা কৃষি দপ্তর জানিয়েছে, সরকারি কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে মোট এক হাজার ২০০ কৃষককে খেসারি, সয়াবিন, চীনাবাদাম, মুগ ডাল ও হাইব্রিড সূর্যমুখীর বীজ প্রদান করা হবে। বীজের পাশাপাশি ফসলের পুষ্টি ও পরিচর্যার জন্য প্রয়োজনীয় সারও কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার। এছাড়া অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেরুন্নেছা পাপড়ি, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বশার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

























