তাপপ্রবাহ থেকে ফসল রক্ষায় নির্দেশিকা
- আপডেট সময় : ০১:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / 138
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
সারাদেশে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যে ফসল ও ফল রক্ষায় নির্দেশনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই)।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, সারাদেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি আট দিন (১০ এপ্রিল থেকে ১৮ এপ্রিল) অব্যাহত থাকতে পারে।
নির্দেশিকা
তাপপ্রবাহের ক্ষয়ক্ষতি থেকে ধান রক্ষার জন্য ধানের শীষে দানা শক্ত না হওয়া পর্যন্ত বোরো ধানখেতে ২-৩ ইঞ্চি পানি সংরক্ষণের পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।
আম গাছের গোড়ায় পর্যাপ্ত সেচের ব্যবস্থা করার পাশাপাশি প্রয়োজনে শাখা-প্রশাখায় পানি স্প্রে করার জন্যও কৃষকদের নির্দেশ দেয়া হয়েছে।
গরম থেকে শাকসবজি বাঁচাতে কৃষকদের মাটির ধরন অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে দুই থেকে তিনটি সেচের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে অধিদফতরটি।
এছাড়া, তাপপ্রবাহের ক্ষতি থেকে ফল ও শাক-সবজির চারা রক্ষার জন্য মালচিং ও সেচ নিশ্চিত করতে বলা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে সারাদেশে তাপপ্রবাহ চলছে এবং তাপমাত্রা আরো বাড়ার পূর্বাভাস রয়েছে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহী বিভাগের ডিমলায়।
সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস
























