সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর
- আপডেট সময় : ১২:৫৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 0
বরিশালের বাকেরগঞ্জের পৈতৃক ভিটা হলেও ফরিদপুরে নানাবাড়িতে বড় হওয়া নুসরাত বিনতে নূরের সংগীতের প্রতি ভালোবাসা জন্মেছে ছোটবেলা থেকেই। তাঁর মা সুন্দর গজল গাইতেন, আর মায়ের কণ্ঠে গান শুনেই এই শিল্পের প্রতি তাঁর অনুরাগ তৈরি হয়। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় টেলিভিশন দেখে প্রথম ‘বাবা বলেছিল আর কোনোদিন গান করো না’ গানটি কাভার করেন তিনি, যা তাঁর মায়েরও অত্যন্ত প্রিয় ছিল। ফরিদপুর গার্লস স্কুলে পড়ার সময় থেকেই তাঁর আনুষ্ঠানিকভাবে সংগীত চর্চার শুরু।
সংগীতের পথচলা নুসরাতের জন্য সবসময় মসৃণ ছিল না। কিছু মানুষের নেতিবাচক আচরণের কারণে এক পর্যায়ে তিনি সংগীত থেকে সাময়িক বিরতি নিতে বাধ্য হন। তবে সব বাধা অতিক্রম করে তিনি আবারও ফিরে এসেছেন। তাঁর কণ্ঠে ‘শাহে মদিনা’ গজলটি বেশ পরিচিতি পেয়েছে। ২০২৩ সালে নিজের লেখা গান ‘কবুল করে নাও’ প্রকাশের পর শ্রোতামহলে দারুণ সাড়া ফেলেন এবং ইউটিউব মালিক সমিতির পক্ষ থেকে পুরস্কারও অর্জন করেন। ব্যক্তিগত কিছু কারণে গানটি সাময়িকভাবে সরিয়ে নিতে হলেও বর্তমানে তিনি নতুন চ্যানেলের মাধ্যমে এটি আবারও প্রকাশ করেছেন।
পেশাদার কাজের বড় একটি অংশ সম্পন্ন হয়েছে ‘ফেমাস টিউন’-এ এবং গানগুলোর মাস্টারিং করেছেন মোহাম্মদ পিয়াস। বাংলা গজলের পাশাপাশি উর্দু গজলও গেয়েছেন তিনি। ২০২৬ সালে তিনি মনির খান, ন্যান্সি, কনা, ইমরান মাহমুদ এবং হাবিব ওয়াহিদের গাওয়া তিনটি জনপ্রিয় গান—‘ওহে শ্যাম’, ‘মনের ভিতরে মনের বাহিরে’ ও ‘আমার দিনগুলো সব যায় হারিয়ে’ কাভার করেছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নুসরাত বলেন, গানই তাঁর ধ্যান-জ্ঞান এবং তিনি আজীবন সংগীত নিয়েই থাকতে চান। তবে সংগীতের পাশাপাশি মডেলিং ও অভিনয়ের প্রতিও তাঁর প্রবল আগ্রহ রয়েছে। সংগীতচর্চায় মায়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পেলেও পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে সবসময় কাঙ্ক্ষিত সহায়তা পান না। এই প্রতিকূলতাগুলোকে জয় করেই তিনি এগিয়ে যেতে চান। নুসরাতের দৃঢ় বিশ্বাস, আন্তরিক প্রচেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো কঠিন লক্ষ্য অর্জন করা সম্ভব। ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়াই তাঁর প্রধান লক্ষ্য এবং এই পথচলায় তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

























