স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জ, খুলেছে সব প্রতিষ্ঠান
- আপডেট সময় : ১১:৪০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 7
কয়েক দিনের উত্তেজনা, সহিংসতা ও আতঙ্কের রেশ কাটিয়ে অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরেছে গোপালগঞ্জ জেলা। সাপ্তাহিক ছুটি শেষে রোববার থেকে সরকারি-বেসরকারি সব ধরনের অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় জনজীবনে গতি ফিরেছে। শহরের লঞ্চঘাট, ডিসি রোড, পুলিশ লাইনস ও বিভিন্ন মার্কেটের পাশাপাশি কাশিয়ানী উপজেলার পরিস্থিতিও এখন স্বাভাবিক। সড়কে যানবাহনের চলাচল ও মানুষের উপস্থিতিতে আগের চেনা কর্মব্যস্ততা দেখা যাচ্ছে।
ব্যাংকিং সেবা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও গ্রাহকদের ভিড় বেড়েছে। অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক ও ব্যাংক এশিয়াসহ বিভিন্ন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, দুদিন বন্ধ থাকার পর রোববার থেকে স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। পরিস্থিতি উত্তাল থাকায় বিগত কয়েক দিন শহরের অধিকাংশ এটিএম বুথ বন্ধ ছিল, যা রোববার থেকে পুনরায় চালু হয়েছে। ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সব ধরনের ব্যাংকিং কার্যক্রম এখন স্বাভাবিকভাবে চলছে এবং গ্রাহকদের উপস্থিতিও সন্তোষজনক।
ব্যবসা-বাণিজ্যেও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। শহরের বিভিন্ন মার্কেট খুলে দেওয়ায় সাধারণ মানুষের সমাগম বেড়েছে। স্থানীয় ব্যবসায়ী রঞ্জন কুমার বলেন, আতঙ্কের কারণে গত দুদিন মার্কেটে ক্রেতা ও মানুষের সমাগম ছিল না বললেই চলে। তবে আজ অফিস-আদালত সবকিছু খোলায় পরিস্থিতি বদলেছে এবং ক্রেতাদের উপস্থিতি বাড়ছে।
এছাড়া জজ কোর্ট ও পৌরসভাসহ বিভিন্ন সরকারি দপ্তরে সেবাগ্রহীতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেবা নিতে আসা শিল্পী আক্তার জানান, তিনি মেয়ের জন্মনিবন্ধনের প্রয়োজনে পৌরভবনে এসেছেন এবং প্রয়োজনীয় সেবা পেতে সিরিয়াল অনুযায়ী অপেক্ষা করছেন। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সব ক্ষেত্রে মানুষের স্বাভাবিক চলাচলে এখন আগের মতো কর্মচাঞ্চল্য দেখা যাচ্ছে। সব মিলিয়ে অস্থিরতা কাটিয়ে গোপালগঞ্জ শহর এখন অনেকটা স্বাভাবিক অবস্থানে ফিরে এসেছে।


























