ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৬২৪
- আপডেট সময় : ০৮:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / 134
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরো ৬২৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ৪০৭ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ২১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১ হাজার ৮৩৪ জন ঢাকার মধ্যে এবং ৬০৫ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২১ হাজার ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৫ হাজার ৮৮৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫ হাজার ৩০৮ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ১৮ হাজার ৬৮৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১৪ হাজার ১৪ জন ঢাকার এবং বাকি ৪ হাজার ৬৭০ জন ঢাকার বাইরের বাসিন্দা।
সোমবার দুইজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৭০ জনে পৌঁছেছে।
সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস
























