নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি জাকির হোসেনের
- আপডেট সময় : ১০:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 0
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছেন জাকির হোসেন। এরই অংশ হিসেবে সোমবার বিকেলে ইউনিয়নের বারো তারিখ বাজার থেকে একটি শোভাযাত্রা বের করেন তিনি, যা শেরে বাংলা বাজারে গিয়ে শেষ হয়। নির্বাচনী প্রচারণার এই পর্যায়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ ও কুশল বিনিময়ের মাধ্যমে নিজের পরিকল্পনা ও উন্নয়ন রূপরেখা তুলে ধরছেন তিনি।
গণসংযোগকালে জাকির হোসেন ভোটারদের আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে ইউনিয়নবাসীর নাগরিক সেবার মান নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি এবং ভবিষ্যতেই তাদের সেবা করার দৃঢ় ইচ্ছা রয়েছে। একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের সমর্থন প্রত্যাশা করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফজলুল হক গোরামী, প্রচার সম্পাদক রাসেল আকনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা জুড়ে নির্বাচনের আমেজ লক্ষ্য করা গেছে। স্থানীয় জনগণের ইতিবাচক সাড়ায় তিনি যথেষ্ট আশাবাদী বলে জানিয়েছেন।
নিজের রাজনৈতিক পটভূমি তুলে ধরে জাকির হোসেন বলেন, দীর্ঘ সময় ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় রয়েছেন। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে মাঠ পর্যায়ে ভূমিকা রাখা এবং সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি মাথায় রেখে দল তাকে মনোনয়ন দেবে বলে প্রত্যাশা করেন তিনি। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উৎসাহেই মূলত নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই সম্ভাব্য প্রার্থী।
নির্বাচিত হলে ভেদুরিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন জাকির হোসেন। তিনি বলেন, ইউনিয়নকে পুরোপুরি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতিমুক্ত করা হবে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
তরুণদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, এলাকায় নতুন শিল্পকারখানা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে। এতে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, সে জন্য তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে নিজেকে নিয়োজিত রাখাই তার রাজনীতির মূল উদ্দেশ্য বলে জানান জাকির হোসেন।






















