ঢাবিতে ২০০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৮:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 6
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক বিশেষ মানবিক কর্মসূচিতে ২০০ জন পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠে এই আয়োজন সম্পন্ন হয়। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্টের (জিআরটি) আর্থিক সহযোগিতায় ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি (ডব্লিউবিএস) এবং নবোদ্যম ফাউন্ডেশন যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেছে।
এই সহায়তা কার্যক্রমের মূল উপকারভোগী ছিল নবোদ্যম ফাউন্ডেশন পরিচালিত ‘সেভ দ্য স্কুল’ প্রকল্পের হাকিম চত্বর, হাইকোর্ট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা। পাশাপাশি বিএনপি বাজার বস্তির সুবিধাবঞ্চিত শিশুরাও এই সহায়তা পেয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি শিশুকে একটি বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে, যার মধ্যে শীতের সুরক্ষার জন্য কম্বল, মাফলার, টুপি ও মোজা ছিল। এছাড়া স্কুলব্যাগ, বই ও পেন্সিলের পাশাপাশি সাবান, লোশন, তোয়ালে, টুথব্রাশ ও পেস্টের মতো পরিচ্ছন্নতার উপকরণও প্রদান করা হয়। বিতরণ শেষে শিশুদের জন্য দুপুরের খাবারেরও আয়োজন ছিল।
ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির প্রতিনিধিদের ভাষ্যমতে, প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ ও সম্ভাবনাময় শৈশব নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তীব্র শীতের প্রকোপ থেকে শিশুদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি তাদের পড়াশোনার আগ্রহকে উদ্দীপিত করাই ছিল এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।
নবোদ্যম ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তাদের পরিচালিত ‘সেভ দ্য স্কুল’ শাখাগুলো সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে অনুপ্রাণিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আয়োজক সংস্থাগুলো জানিয়েছে, সমাজের পিছিয়ে পড়া শিশুদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সম্মিলিত মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

























