বিজয়ের আলোতে আবাহনীর জয়
- আপডেট সময় : ০৭:০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / 129
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
আবারো জ্বলে উঠলেন এনামুল হক বিজয়, হেসে উঠলো তার ব্যাট। তবে শতক ছোঁয়া হয়নি, প্রতিপক্ষের দেয়া লক্ষ্য ছোট হওয়ায় ৮০ রানেই থেমেছেন তিনি। হার না মানা এই ইনিংস বিজয় সাজিয়েছেন সাত চার আর পাঁচ ছক্কায় ৬৩ বলে। সুবাদে ১০ উইকেটের জয় পেয়েছে তার দল আবাহনী।
এইদিন ফতুল্লায় টসে জিতে রূপগঞ্জ টাইগার্সকে আগে ব্যাট করতে পাঠান আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তবে আবাহনীর বোলারদের সম্মিলিত বোলিং তোপে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় টাইগার্সদের ইনিংস। সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক নাইম ইসলাম, তবুও ৬০ বল খরচায়। অঙ্কিত করেন ২১ রান। ১৯ রান করে অপরাজিত থাকেন আলাউদ্দিন বাবু।
আবাহনীর হয়ে আজও দারুণ বলে করেন মোহাম্মদ সাইফুদ্দীন। ৬ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। দুটো করে উইকেট নেন রকিবুল হাসান ও তানজিম হাসান সাকিবও। আর দলের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট যায় তানভীর ইসলামের ঝুলিতে।
১২৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে স্বাচ্ছন্দ্যেই জয় পেয়েছে আবাহনী। একবারের জন্যও তারা পা ফসকায়নি। আকাশী-নীল দলটাকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে বিজয়-নাইম শেখের উদ্বোধনী জুটিই। ১৯.১ ওভারে জয়ের বন্দরে পা রাখে তারা। নাইম শেখ অপরাজিত ছিলেন ৫২ বলে ৪৩ রানে।
বিডিসংবাদ/এএইচএস


























